বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ
বগুড়ার শাজাহানপুরে শুক্রবার সকালে বালুবাহী ও কয়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নাটোর সদরের ট্রাকচালক আল আমিন ওরফে মানিক (৩৯), কুড়িগ্রাম সদরের ট্রাকচালক কুদ্দুস মিয়া (৩৭) এবং কুড়িগ্রামের উলিপুরের হেলপার নুর ইসলাম (২২)।
পুলিশ জানায়, সকালে বীরগ্রাম এলাকায় নাটোরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রামমুখী কয়লাবাহী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।