রবিবার, ১৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় জামায়াত নেতার মাদরাসা থেকে উদ্ধার সরকারি ধানের বীজ

2 দিন আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
লোহাগাড়ায় জামায়াত নেতার মাদরাসা থেকে উদ্ধার সরকারি ধানের বীজ

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকদের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা সরকারি ধানের বীজ জামায়াত নেতার মাদরাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারিভাবে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা ধানের বীজ জামায়াতে ইসলামীর এক নেতার মাদরাসা থেকে জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদরাসায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং ওই মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্বরত। জানা যায়, প্রায় ২০ দিন আগে লোহাগাড়া উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্য এই বীজ সরবরাহ করা হয়েছিল। লোহাগাড়া সদর থেকে চরম্বা ইউনিয়ন দূরে হওয়ায় স্থানীয় কৃষকদের দুই প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ বৃহস্পতিবার মাদরাসাটি আকস্মিক পরিদর্শনকালে সুপারের কক্ষের পাশে একটি তালাবদ্ধ ঘর দেখতে পান। সন্দেহজনক হওয়ায় তিনি সেটি খোলার নির্দেশ দিলে ভেতরে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়। সরকারি বীজ কেন মাদরাসায় রাখা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী দাবি করেন, তাকে ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল যার মধ্যে চারটি বিতরণ করা হয়েছে। ব্যস্ততার কারণে বাকিগুলো মাদরাসায় রেখেছিলেন। ইউএনও বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধারকৃত বীজগুলো তাৎক্ষণিকভাবে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সেইসাথে মাদরাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং জবাব পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।