সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

1 দিন আগে | আপডেট: 9 ঘন্টা আগে | সারাদেশ
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার পৃথক সময়ে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নে মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ার রুবেল কাদেরের স্ত্রী ইরান (২৫) এবং একই এলাকার নুর মোহাম্মদের দুই বছর বয়সী ছেলে আনাছ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছিদ্দিক হাজির পাড়ায় পুকুর ঘাটে মাছ ধোয়ার সময় হঠাৎ পা ফসকে পানিতে পড়ে যান দুই সন্তানের জননী ইরান। মৃগীরোগী ইরানকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. মোহাম্মদ নেছারুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন সন্ধ্যার দিকে হাবিব হাজির পাড়ায় পুকুরের পানিতে তলিয়ে যায় শিশু আনাছ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।