গাজীপুরে বাস-পিকআপের সংঘর্ষে প্রাণ হারালেন ৩
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের পেছনে পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালবাতান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে গরুবোঝাই একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপে থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।
নিহতদের মধ্যে হানিফ ও আলমগীর নামে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর একজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের পেছনে আঘাত করলে গাড়িটির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়, তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।