টেকনাফে ৫৫ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ যানবাহন
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি ও ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সাথে পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড। তল্লাশিকালে একটি সিএনজি থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় জড়িত একজনকে আটক করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, একই দিন সকাল ৯টার দিকে কেরুনতলী এলাকায় পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ভ্যান থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা। এই ঘটনায় ভ্যানচালককেও আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদক নির্মূলে কোস্ট গার্ডের এমন কঠোর তৎপরতা আগামী দিনেও বজায় থাকবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।