মার্কিন রাষ্ট্রদূত: সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বেশি চাপে ইরান
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের মতে, ইরানের শাসকরা সামরিক হামলার চেয়েও দেশটির বর্তমান অর্থনৈতিক বিপর্যয় ও মূল্যস্ফীতি নিয়ে বেশি শঙ্কিত।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দাবি করেছেন যে, কঠোর অর্থনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত ইরান নতি স্বীকার করতে বাধ্য হবে।
ফক্স নিউজের সাথে আলাপকালে তিনি বলেন, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের গৃহীত অর্থনৈতিক কৌশল ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। এর ফলে তেহরান বারবার আলোচনার টেবিলে এসে নগদ অর্থের জন্য মরিয়া হয়ে উঠছে।
ওয়াল্টজ আরও বলেন, মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা কেবল নগদ অর্থের দাবিই জানিয়ে থাকেন। তাদের মতে, সামরিক হামলার চেয়েও বর্তমানে তারা ট্রেজারি সেক্রেটারি বেসেন্টের অর্থনৈতিক পদক্ষেপগুলোকে বেশি ভয় পায়।
মার্কিন এই দূতের ভাষ্যমতে, ইরানের শাসকরা জননিরাপত্তা বা সামরিক সক্ষমতার চেয়ে মুদ্রার মানপতন এবং গত আট দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি নিয়ে বেশি উদ্বিগ্ন। তিনি মনে করেন, অব্যাহত অর্থনৈতিক অবরোধ এবং অবরুদ্ধ সম্পদ ফিরে পাওয়ার আকুতি ইরানকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।