উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু, আহত ৩
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ বসানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মো. আরিফ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (৯ আগস্ট) উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন সিআইসি কার্যালয়ের প্রাঙ্গণে।
নিহত আরিফ ক্যাম্প ১৮-এর এইচ/৫৬ ব্লকের সৈয়দ উল্লাহর সন্তান। আহতরা হলেন মো. জুনাইদ (২২), মোহাম্মদ রশিদ (২২) এবং আবুল কালাম (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিআইসি কার্যালয় চত্বরে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় লোহার পাইপ অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক লাইনের ওপর পড়লে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আরিফ প্রাণ হারান। অন্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।