বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন পরিত্যক্ত, অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

1 দিন আগে | আপডেট: 9 মিনিট আগে | সারাদেশ
টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন পরিত্যক্ত, অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

টুঙ্গিপাড়ায় সরকারি অর্থে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর এখন অব্যবস্থাপনা ও তদারকির অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গড়ে তোলা হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চার বছর না পেরোতেই প্রকল্পের অধিকাংশ ঘর এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও দরজা-জানালা ভাঙা, কোথাও আবার চালের টিন উড়ে গেছে। অযত্ন ও অবহেলায় ঘরগুলো এখন আগাছা আর ঝোপঝাড়ে ঢাকা পড়েছে।

২০২১ সালে টুঙ্গিপাড়ার বর্ণি ও ডুমুরিয়া ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২৫০টি ঘর নির্মাণ করা হয়। স্থানীয়দের তথ্যমতে, বর্তমানে ১৫০টি পরিবার সেখানে থাকলেও বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও জনশূন্য পড়ে আছে। ফলে এগুলো এখন পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে।

স্থানীয়দের মতে, ঘর বরাদ্দের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও যথাযথ যাচাই-বাছাইয়ের অভাব ছিল। অনেক সুবিধাভোগী ঘর পাওয়ার পর সেখানে না থেকে সেগুলো বিক্রি বা ভাড়া দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া পরিত্যক্ত ঘরগুলোতে রাতে মাদকসেবীদের আনাগোনা বাড়ছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিসের মো. আলামিন হালদার জানান, প্রকল্পের ঘরগুলো যারা ব্যবহার করছেন না, তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যাচাই-বাছাই সাপেক্ষে বরাদ্দ বাতিল করে প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের প্রক্রিয়া গ্রহণ করা হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরিত্যক্ত ঘরগুলো দ্রুত সংস্কার করে প্রকৃত মানুষের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।