জানুয়ারির ২৫ দিনে বরিশাল মেডিকেলে ১১৫ শিশুর প্রাণহানি
জানুয়ারির প্রথম ২৫ দিনে তীব্র শীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চাপে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে।
চলতি বছরের জানুয়ারির প্রথম ২৫ দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত জটিলতায় ১১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ৫ হাজার ২৮৫ জন শিশুকে শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি করা হয়, যাদের বেশিরভাগই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। এর মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডেই মারা যায় ১১৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, জানুয়ারি মাসে বরিশাল বিভাগের ৪২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালগুলোতে ৫ হাজার ১৪৪ জন রোগী চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের নার্সরা জানিয়েছেন, নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় আক্রান্ত শিশুদের চাপ ব্যাপক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখে সেবা দিতে হচ্ছে।
শীতের তীব্রতায় শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ার বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, কুয়াশার সাথে মিশে থাকা ধূলিকণা ফুসফুসে প্রবেশ করায় এই জটিলতা বাড়ছে। তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেছেন, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে বাড়তি গরম কাপড় ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।