চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
Administrator
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় দিনের বেলায় একজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
চট্টগ্রামের পাঁচলাইশে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে থানার মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার মো. রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।