বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

অনিয়মের দায়ে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক বরখাস্ত

3 দিন আগে | আপডেট: 2 ঘন্টা আগে | খেলা
অনিয়মের দায়ে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক বরখাস্ত

অপরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্ব পালনে অবহেলার দায়ে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে সাময়িক বরখাস্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই পরিদর্শনের পরই স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সরেজমিনে পরিদর্শনের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্ত নেন।

স্টেডিয়ামের ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ির আশপাশে ব্যাপক ময়লা ও ধুলোবালি জমে থাকতে দেখে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তীব্র গরমে ড্রেসিংরুমে বসার উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের বাধ্য হয়ে মাঠের বাইরে বিশ্রাম নিতে দেখা যায়।

প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রায় দুই মাস আগে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসকের চরম অবহেলার কারণে কোনো কাজই হয়নি, যে কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি প্রতিনিধি দল শীঘ্রই স্টেডিয়ামটি পরিদর্শন করে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু করবে। এছাড়া স্টেডিয়ামটি সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

সরকার ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলে জানান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে যেকোনো অনিয়ম নজরে এলে সাংবাদিক ও ক্রীড়াসংশ্লিষ্টদের তা দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।