ফিফা সভাপতিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, পাল্টা জবাব বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে চলা অপপ্রচার ও বিভিন্ন বিতর্ক নিয়ে মুখ খুলল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সভাপতিকে সরানোর কোনো ভিত্তি নেই এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অভিযোগ করেছে যে, তাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত ও পেশাগত অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি।
ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি টেলিগ্রাফ’-এ ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বিতর্কের সৃষ্টি হয়। এতে উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় তার বিবাহবহির্ভূত সম্পর্ক ও অর্থ লেনদেনের অভিযোগ তোলা হয়। ফিফা এই প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।
ব্যক্তিগত বিতর্কের পাশাপাশি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়েও ইনফান্তিনো চাপের মুখে রয়েছেন। এই প্রস্তাবের আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য নতুন সংস্থা তৈরি ও বেসরকারি বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা ছিল। ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল করতে হয়।
এই ঘটনার জেরে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। উয়েফা এমনকি টুর্নামেন্ট বয়কটের মতো কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
তবে ফিফা দৃঢ়ভাবে জানিয়েছে, গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সভাপতিকে সরানোর কোনো বৈধ ভিত্তি নেই। সংস্থাটি দাবি করছে, কিছু মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভুল তথ্য ছড়াচ্ছে। ইউরোপের বাইরে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও মেক্সিকোর ফুটবল সংস্থাগুলো ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে।
মরক্কোর রাবাতে আয়োজিত জরুরি বৈঠকে ইনফান্তিনো ও মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম বিতর্কিত প্রস্তাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে ফিফা স্পষ্ট করেছে, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।