বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জীবনসঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে রোনালদো

1 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | খেলা
জীবনসঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে রোনালদো

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে এসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। পর্তুগালের কাসকাইস সৈকত শহরে নিতান্তই ঘরোয়া ও পারিবারিক আবহে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

রোনালদোর জনসংযোগ সংস্থা ব্রান্সউইক গ্রুপ এএফপিকে জানিয়েছে, একেবারে ব্যক্তিগত পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তান উপস্থিত ছিল। গত বছর ১১ আগস্ট বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর এই দম্পতি বিয়ের কাজ সারলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ও জর্জিনার হাতের ছবি শেয়ার করে ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ অক্ষরের মাঝে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে তাদের আঙুলে বিয়ের আংটিও স্পষ্ট ছিল।

৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদের একটি শোরুমে কাজ করার সময় তাদের পরিচয় হয়। জর্জিনা একে ‘প্রথম দেখাতেই প্রেম’ বলে অভিহিত করেছিলেন। ২০১৭ সালে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা প্রকাশ্যে প্রথমবার জুটি হিসেবে হাজির হন।

রোনালদোর পাঁচটি সন্তানের মধ্যে ক্রিস্টিয়ানো জুনিয়র, ইভা মারিয়া ও মাতেওর পরিচয় ভিন্ন হলেও, জর্জিনার সাথে তার সংসারে অ্যালানা মার্টিনা ও বেলা রয়েছে। এর আগে ২০২২ সালে যমজ সন্তান জন্ম নেওয়ার সময় এক পুত্রসন্তান অ্যাঞ্জেলকে তারা হারিয়েছিলেন। দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের পথচলা এখন স্বামী-স্ত্রীর সম্পর্কের নতুন মোড়ে পৌঁছাল।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।