বাগেরহাটে অস্ত্রোপচারের পর তরুণীর মৃত্যু: স্বজনদের অভিযোগ
বাগেরহাট শহরের পলি ক্লিনিকে পিত্তথলির অস্ত্রোপচারের সময় ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনায় তোলপাড়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে, তবে ক্লিনিক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
বাগেরহাট শহরের পুরাতন বাজারের পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অপসারণের অস্ত্রোপচার চলাকালে নাসিমা আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। নাসিমা কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী এবং সাত মাস বয়সী এক সন্তানের জননী।
পরিবার জানায়, পিত্তথলির সমস্যার কারণে সোমবার রাতে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হলেও ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর বিষয়টি গোপন রেখে ফজরের পর বহিরাগতদের মাধ্যমে তাদের জানানো হয়। নিহতের স্বামী সুমনের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ক্লিনিকের মালিক ও চিকিৎসক সুনীল কুমার দাস সব অভিযোগ নাকচ করে দাবি করেন, অস্ত্রোপচারের সময় রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন, কোনো অবহেলা ছিল না।
সিভিল সার্জন ডা. আসম মাহাবুবুল আলম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বাগেরহাট সদর থানার ওসি মো. সামসুল আরেফিন জানান, ক্লিনিক পরিদর্শন করা হয়েছে তবে পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।