শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে কাজ করছে সরকার
দেশের শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারিও দেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী জানিয়েছেন, দেশে যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত আবাসন ব্যবস্থা রোধ করে শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বের দরবারে উচ্চতর অবস্থানে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে যা কঠোরভাবে দমন করতে হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এসব অপরাধের সঙ্গে দলের বা সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, পৌর এলাকার সীমানা সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও বাচিক শিল্পী মো. মনির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।