মাছের বংশবিস্তার রক্ষায় অভয়াশ্রম গড়ে তুলবে সরকার: মৎস্যমন্ত্রী
ডিমওয়ালা মা মাছ রক্ষায় দেশের প্রতিটি এলাকায় অভয়াশ্রম তৈরির ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মিঠাপানির ডিমওয়ালা মা মাছের সুরক্ষায় দেশের প্রতিটি অঞ্চলে অভয়াশ্রম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, প্রজননক্ষম মাছগুলো যেন নিরাপদে বংশবিস্তার করতে পারে, সেজন্য অভয়াশ্রমগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই মাছগুলো পরবর্তীতে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হলে দেশের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।
শনিবার (৮ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতির পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বর্তমানে মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা কেবল দেশীয় নয় বরং একটি বৈশ্বিক উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়া মাছ চাষিদের উৎসাহিত করতে বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেরা মৎস্য চাষিদের বিশেষ পুরস্কার প্রদান করবেন।
মৎস্য সম্পদ ধ্বংসকারী ‘ম্যাজিক জাল’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এই জাল আমদানি নিষিদ্ধ করেছে। তবে জনবল সংকটে প্রশাসনের পক্ষে সবসময় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। তাই এই ক্ষতিকর জালের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। জনগণ রুখে দাঁড়ালে সরকার তাদের পূর্ণ সহায়তা দেবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।