২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা
সপ্তাহব্যাপী আয়োজনের পর ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে অঞ্জন দত্তসহ দেশি-বিদেশি একাধিক নির্মাতা ও শিল্পী পুরস্কার পেয়েছেন।
গত ২৮ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে চীনের ‘দ্য কর্ড অব লাইফ’, যার পরিচালক কুইয়াও সিক্সুই।
পরিচালনায় সেরা হয়েছেন ‘হুইসপেরিং মাউন্টেইনস’-এর জন্য জগথ মনুয়ারা। কিংবদন্তি মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘চালচিত্র এখন’-এ দুর্দান্ত অভিনয়ের সুবাদে অঞ্জন দত্ত সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। একইসঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘দ্য কর্ড অব লাইফ’ সিনেমার জন্য বাদেমা।
দর্শকদের ভোটে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’। এছাড়া অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ের পরে’ পেয়েছে স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড। জুরি মেনশন পুরস্কার পেয়েছে কাজাখস্তানের ‘হ্যাপিনেস’ এবং অভিনেত্রী আফরিন খানম।
বাংলাদেশ প্যানারোমা বিভাগে পার্থ প্রসাদের ‘সাবিত্রী’ সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। স্বল্পদৈর্ঘ্য বিভাগে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’ পেয়েছে ফিফরোস্কি পুরস্কার। এছাড়া শিশুতোষ বিভাগে বিপুল শর্মার ‘প্রভাস’ বাদল রহমান পুরস্কার লাভ করেছে। স্পিরিচুয়াল ও ওমেন ফিল্ম মেকার্স বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের কাজ পুরস্কৃত হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।