হাতির খুব কাছে গিয়ে সেলফি তোলার খেসারত, ভিডিও ভাইরাল
হাতির খুব কাছে গিয়ে ভিডিও করার শখ মেটাতে গিয়ে হাতির ধাক্কায় মারাত্মকভাবে আহত হলেন এক নারী। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
হাতি সাধারণত স্বভাবগতভাবেই শান্ত ও ধীরস্থির প্রাণী। অকারণে তারা হিংস্র হয়ে ওঠে না। তবে বন্যপ্রাণীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখা উচিত, কারণ বনের প্রাণীদের বিরক্ত করলে তার ফল ভয়াবহ হতে পারে। সম্প্রতি এক নারী হাতির খুব কাছে গিয়ে ভিডিও করতে গিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছেন, তা থেকে বিষয়টি পরিষ্কার। হাতির পিঠে ক্যামেরা রেখে ভিডিও করার শখ পূরণ করতে গিয়ে তিনি আছাড় খেয়ে মাটিতে পড়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ইতোমধ্যেই ২৩ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। ভিডিওতে দেখা যায়, ওই নারী প্রথমে হেলমেট খুলে ক্যামেরার সামনে কিছু একটা বলেন এবং এরপরই হাতির একেবারে কাছে চলে যান। তখন হাতিটি শান্তভাবে পাতা খাচ্ছিল। কিন্তু নিজের খুব কাছে ওই নারীকে দেখে হাতিটি বিরক্ত হয়।
হাতিটি মুহূর্তের মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তার শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে ওই নারীকে দূরে ফেলে দেয়। প্রচণ্ড আতঙ্কে ওই নারী দ্রুত দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত দিয়ে কোমর চেপে ধরে আছেন, যা থেকে বোঝা যাচ্ছে হাতির ধাক্কায় তিনি বেশ গুরুতর আঘাত পেয়েছেন।
ভিডিওটি 'এক্স' (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, হাতির লেজ নাড়ানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় সে বিরক্ত। বন্যপ্রাণীদের নিজস্ব জগতে থাকতে দেওয়া উচিত, তাদের বিরক্ত করলে তারা অবশ্যই পাল্টা আঘাত করবে। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এ ঘটনাটি ঘটেছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।