সিরিয়ার রুশ সামরিক ঘাঁটি রূপান্তরে মস্কো-দামেস্ক সমঝোতা
সিরিয়ায় অবস্থিত রুশ বিমান ও নৌঘাঁটিকে যৌথ প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের লক্ষে মস্কোর সাথে নতুন চুক্তিতে পৌঁছেছে দামেস্ক।
সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটির পরিচালনার ধরণ পরিবর্তনের লক্ষ্যে মস্কোর সাথে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে দামেস্ক। এই চুক্তির অধীনে হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুস নৌঘাঁটিকে এখন থেকে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে পরিচালনা করা হবে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত রোববার (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে। উভয় দেশের পারস্পরিক স্বার্থ ও কৌশলগত সহযোগিতার খাতিরেই এই নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধের সময় বাশার আল-আসাদ সরকারের পক্ষে রুশ সামরিক অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে হামেইমিম ও তারতুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক আলোচনার পর এই চুক্তিতে উপনীত হয়েছে দুই পক্ষ। নতুন এই রূপান্তর প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত এই ঘাঁটি দুটির ভূমিকা পরিবর্তিত হলেও, এর মাধ্যমে রাশিয়া ও সিরিয়ার মধ্যকার চলমান প্রতিরক্ষা ও সামরিক প্রশিক্ষণ সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।