ফিলিস্তিন ইস্যু ধামাচাপা দিতে চায় ইসরায়েল, ক্ষুব্ধ এরদোগান
ফিলিস্তিন সংকটকে বিশ্বমঞ্চ থেকে আড়াল করতে ইসরায়েল নতুন নতুন অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতার সুযোগ নিয়ে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে বিশ্বরাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করেন।
এরদোগান অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে নতুন নতুন সংঘাত উসকে দিচ্ছে, যাতে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব না পায়। তবে ইসরায়েলের এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বাড়লেও বিশ্বজুড়ে তাদের প্রতি সমর্থন বরং আরও বৃদ্ধি পাবে।
ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্ক সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে পুনরায় অঙ্গীকার করেন তুর্কি প্রেসিডেন্ট।
এর আগে মাহমুদ আব্বাস তার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আঙ্কারা সফর করেন। সফরকারী দলের মধ্যে ফিলিস্তিনি গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ ও অন্যান্য জ্যেষ্ঠ কূটনীতিকরা অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠক শেষে মাহমুদ আব্বাস এরদোগানের সাথে তার আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কার্যকর বলে উল্লেখ করেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।