শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা
খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই তিন বিভাগের ২২টি জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা চলবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, দ্বিতীয় ধাপের এই নিয়োগ পরীক্ষায় মোট ৬০৩টি কেন্দ্র ব্যবহার করা হবে এবং ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। উল্লেখ্য, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ২০২৩ সালের ২০ মার্চ প্রকাশ করা হয়েছিল।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ ডিসেম্বর তার ফলাফল প্রকাশিত হয়। বর্তমানে ওই ধাপের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।