মেয়ের বিয়েতে হেলিকপ্টার পাঠালেন ইতালিপ্রবাসী বাবা
মেয়ের বিয়েতে হেলিকপ্টার পাঠিয়ে তাক লাগিয়ে দিলেন ইতালিপ্রবাসী বাবা। মাদারীপুরের শিবচরে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে প্রায় ৫ হাজার অতিথি অংশ নিয়েছেন।
মাদারীপুরের শিবচরে মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারের ব্যবস্থা করলেন ইতালিপ্রবাসী এক বাবা। নিজের আদরের মেয়ের বরকে আনতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন তিনি, আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেই আকাশযানে চড়েই নববধূকে নিয়ে নিজের বাড়ি ফেরেন জাপানপ্রবাসী বর।
শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামের বাসিন্দা নাজিমউদ্দিন নাদিম বেপারী দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি নেপোলি আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার একমাত্র মেয়ে সাইদ শিরিনও পরিবারের সাথে দীর্ঘদিন ইতালিতেই বড় হয়েছেন।
পারিবারিক সিদ্ধান্তে একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের ব্যবসায়ী দেলোয়ার মুন্সির ছেলে নুরুজ্জামান মুন্সির সাথে সাইদ শিরিনের বিয়ের আয়োজন করা হয়। নুরুজ্জামান নিজেও দীর্ঘ চার বছর ধরে জাপানে প্রবাসী এবং তিনি সাবেক ছাত্রলীগ নেতা। গত শুক্রবার তাদের বিয়ের দিন নির্ধারিত ছিল।
মেয়ের জন্মের পর থেকেই বাবা নাজিমউদ্দিনের স্বপ্ন ছিল মেয়ের বিয়েতে হেলিকপ্টারের ব্যবহার করবেন। সেই ইচ্ছা পূরণে শুক্রবার সকালে হেলিকপ্টার ভাড়া করে বরের বাড়িতে পাঠান তিনি। দুপুরে হেলিকপ্টারটি বরকে নিয়ে সানকিরচরে পৌঁছায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নুরুজ্জামান ও সাইদ শিরিন হেলিকপ্টারেই শ্বশুরবাড়ি থেকে বিদায় নেন।
এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রায় ৫ হাজার অতিথি অংশ নেন। আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, এমন আনন্দঘন মুহূর্ত সত্যিই উপভোগ্য। হেলিকপ্টারে করে বরের আগমন অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।