মাইক্রোসফটে বড় ধরনের ছাঁটাই: চাকরি হারালেন ৪৮০০ কর্মী, কোপ পড়ল গেমিং বিভাগে
মাইক্রোসফট তাদের মোট কর্মীবাহিনীর ২.১ শতাংশ বা ৪,৮০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এক্সবক্স গেমিং ইউনিটে, যেখানে ১,৬০০ কর্মী তাৎক্ষণিকভাবে চাকরি হারিয়েছেন।
প্রযুক্তি বিশ্বে আবারও বড় ধাক্কা দিল মাইক্রোসফট। কোম্পানিটি তাদের মোট জনবলের প্রায় ২.১ শতাংশ বা ৪,৮০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়েছে তাদের গেমিং ইউনিট এক্সবক্সের ওপর।
মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান এক অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, ক্রমবর্ধমান প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখতে এবং সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কৌশলগত পরিবর্তনের দিকে হাঁটছে। এই নতুন পরিকল্পনার আওতায় এক্সবক্স থেকেই ১,৬০০ জনের বেশি কর্মী অব্যাহতি পাচ্ছেন।
এক্সবক্সের প্রধান নির্বাহী আশা শর্মা এই ঘটনাকে গেমিং বিভাগের ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠন হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, আগামী ১২ মাসের মধ্যে আরও ১,৬০০ কর্মীকে ছাঁটাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কমপালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশন্স, নিনজা থিওরি এবং আনডেড ল্যাব—এই চারটি গেম স্টুডিওকে মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করে ফেলা হচ্ছে।
তবে আশা শর্মার দাবি, এটি কোম্পানিকে ছোট করার উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদে এক্সবক্সকে আরও শক্তিশালী করার কৌশল। তিনি জানান, মাইক্রোসফট কেবল টিকে থাকার লড়াইয়ে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চায়।
অ্যামি কোলম্যানের মতে, গ্রাহক চাহিদা ও বাজারের বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হচ্ছে না, যদিও এআই কাজের ধরনে ব্যাপক পরিবর্তন আনছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই গেমিং শিল্পে অস্থিরতা চলছে। ২০২৪ সালেই এক্সবক্স ২,০০০ কর্মী ছাঁটাই করেছিল এবং অ্যাক্টিভিশন-ব্লিজার্ড অধিগ্রহণের সময় চারটি স্টুডিও বন্ধ করে দিয়েছিল। এআই প্রজেক্টে বিলিয়ন ডলার বিনিয়োগের চাপে মাইক্রোসফট এর আগে ৯,০০০ কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল। এছাড়া এআই ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধিতেও কোম্পানিটি চাপে রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।