সালমান খানের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের মৃত্যু
সালমান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত মুম্বাই পুলিশের এক কনস্টেবল কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে মুম্বাই পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে (৪১)। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটের সদস্য ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, মুম্বাই পুলিশের এই সদস্য সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতাও সম্পন্ন করেছিলেন। সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। এই ঘটনার পর মুম্বাই পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।