সিলেটে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তেরো যাত্রী। নিহতদের তালিকায় রয়েছেন কিশোরগঞ্জের চন্ডিবের গ্রামের বাউলশিল্পী পেহেলী ভৈরবী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পেহেলী ভৈরবীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে। সামাজিক মাধ্যমে অনেকেই তার শেষ ফেসবুক পোস্টটি শেয়ার করে শ্রদ্ধা জানাচ্ছেন। মৃত্যুর প্রায় ২৩ ঘণ্টা আগে পেহেলী লিখেছিলেন, তিনি ৬ আগস্ট রামপাশার বৈরাগীবাজারের হযরত ছাবাল শাহ মাজারে আয়োজিত এক বাউল গানের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।
জানা গেছে, ওই মাজারে সংগীত পরিবেশন শেষে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগরের কাশিকাপনে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।