ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত আসার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সাথে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তাকে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়। এছাড়া, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মুখপাত্র আরও বলেন, সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক হয়েছে তা ছিল অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সংলাপ ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী, আঞ্চলিক জোটের নেতৃত্বদানকারী দেশগুলোর প্রধানদের এই সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়। সেই নিয়মানুযায়ী বিমসটেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।