বড় পর্দায় শাহরুখ-সুহানা জুটির অভিষেক: নতুন চমক ‘কিং’ সিনেমায়
বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন। সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান ইতিমধ্যে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে নিজের যাত্রা শুরু করেছেন। এবার শোনা যাচ্ছে, বড় পর্দায় বাবার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ নামক সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাস থেকেই শুরু হতে পারে এই ছবির শুটিং।
জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই প্রজেক্ট নিয়ে কাজ চলছে। চিত্রনাট্য চূড়ান্ত করার আগে নির্মাতারা শাহরুখ খানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং তার পরামর্শ অনুযায়ী স্ক্রিপ্টে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর অ্যাকশন দৃশ্য।
বলিউডের নামকরা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এ শুরু হয়েছে অ্যাকশন মহড়া। বাবার পাশাপাশি সুহানাও এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় শাহরুখকে অ্যাকশন অবতারে দেখা গেলেও, ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ‘কিং’ সিনেমায় তাকে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।