ব্রিকসের নতুন সদস্য হিসেবে যুক্ত হলো পাঁচটি দেশ
সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া—এই পাঁচটি দেশ ব্রিকসের পূর্ণ সদস্যপদ লাভ করেছে।
বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস আনুষ্ঠানিকভাবে তাদের পরিধি বাড়াল। সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া—এই পাঁচটি দেশ এখন থেকে জোটটির নতুন সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি পান্দর বুধবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সম্প্রসারণের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বছরের আগস্ট মাসে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে মোট ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে তাদের সদস্যপদ কার্যকর হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টিনা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করায় বাকি পাঁচটি দেশ জোটভুক্ত হলো।
উল্লেখ্য, ২০০৬ সালে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলের অর্থমন্ত্রীদের আলোচনার মাধ্যমে ব্রিকসের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার যোগদানের মধ্য দিয়ে জোটটি তার বর্তমান রূপ পায়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।