শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

23 ঘন্টা আগে | আপডেট: 55 মিনিট আগে | জাতীয়
বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ রোধে শিল্প মালিকদের সহযোগিতা ও কার্যকর ইটিপি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজধানী ঢাকার জীবনরেখা হিসেবে পরিচিত বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত করতে শিল্পোদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কারখানার বর্জ্য সরাসরি জলাশয়ে না ফেলে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবহারের কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মন্ত্রী মিন্টু মন্তব্য করেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও ব্যবসায়ীদের। সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদী পরিবেশ সুরক্ষা অসম্ভব।

শিল্প সংগঠনগুলোর উত্থাপিত সমস্যার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, ইটিপি স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি করা হবে না এবং ইটিপি কেমিক্যাল আমদানিতে শুল্ক সুবিধা প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করছে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, বুড়িগঙ্গাকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। তুরাগ ও শীতলক্ষ্যার দূষণ রোধ এবং গাবতলী-আশুলিয়া এলাকায় ঝুলন্ত ব্রিজ ও পর্যটন নৌযান চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

নৌবাহিনীর পক্ষ থেকে সভায় একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সেখানে বুড়িগঙ্গা ও তুরাগে মোট ২২৪টি বর্জ্য নিঃসরণের উৎস চিহ্নিত করা হয়েছে—যার মধ্যে বুড়িগঙ্গায় ১৬৬টি এবং তুরাগে ৫৮টি। এসব উৎসমুখ বন্ধের পাশাপাশি খাল ও ড্রেন থেকে বর্জ্য অপসারণ করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (Waste-to-Energy) কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও আলোচনা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।