ফের বিপিএলে দেখা যাবে শোয়েব মালিককে
ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ বিপিএল ছেড়ে যাওয়া পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক আবারও ফরচুন বরিশালের হয়ে খেলতে ফিরছেন। ৩ ফেব্রুয়ারি থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিপিএলের মাঝপথে হঠাৎ দুবাই ফিরে গিয়ে আলোচনায় ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সেই সময় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠলে চাঞ্চল্যের সৃষ্টি হয়, তবে সংশ্লিষ্ট পক্ষগুলো তা দ্রুতই নাকচ করে দেয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, শোয়েব মালিক আবারও টুর্নামেন্টে ফিরছেন।
ফ্র্যাঞ্চাইজিটির দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি শোয়েব মালিক দলের সঙ্গে পুনরায় যুক্ত হবেন। ঐদিন সিলেট পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটিতে তার মাঠে নামার কথা রয়েছে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি পারিবারিক প্রয়োজনে আকস্মিকভাবে ঢাকা ছাড়ার পর মালিকের বদলি হিসেবে আহমেদ শেহজাদকে দলে ভেড়ায় বরিশাল। শোয়েব মালিকের বিপিএল যাত্রা শেষ হয়ে গেছে বলে গুঞ্জন উঠলেও, ফ্র্যাঞ্চাইজির এই ঘোষণায় নতুন করে তার ফেরার বিষয়টি নিশ্চিত হলো।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।