প্রেমিককে পাঠাতে সহপাঠীদের আপত্তিকর ছবি তুলতেন ইবি ছাত্রী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার ১০ সহপাঠীর আপত্তিকর ছবি গোপনে ধারণ করে বিদেশে থাকা প্রেমিককে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাসে সহপাঠীদের ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করে বিদেশে পাঠানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অন্তত ১০ জন সহপাঠীর আপত্তিকর ছবি লন্ডনে অবস্থানরত তার প্রেমিক আবিদকে পাঠাতেন তিনি। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, প্রেমিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অভিযুক্ত ছাত্রী হলের কক্ষের ভেতরে তাদের অসতর্ক মুহূর্তের ছবি তুলতেন। পরে ওই সম্পর্কের অবনতি ঘটলে আবিদ প্রতিশোধ নিতে ছবিগুলো অন্য শিক্ষার্থীদের মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। আবিদ দাবি করেছেন, বারবার নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত ছাত্রী ছবি পাঠানো বন্ধ করেননি।
শিক্ষার্থীরা জানান, হলকে নিরাপদ আশ্রয় মনে করে তারা সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করেন। এই সুযোগে অভিযুক্ত ছাত্রী তাদের ঘুমন্ত অবস্থা, টি-শার্ট পরা কিংবা ওড়না ছাড়া থাকার ছবি গোপন ক্যামেরায় ধারণ করতেন। এমনকি পর্দানশীল ছাত্রীদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও বাদ যায়নি।
তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করলেও দাবি করেছেন, এটি তার ‘কমনসেন্সের অভাব’ ছিল। তবে আবিদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ডে ভিন্ন তথ্য পাওয়া গেছে, যেখানে ওই যুবক দাবি করেছেন যে ছবি তুলে অভিযুক্ত ছাত্রী বিকৃত আনন্দ পেতেন। আবিদ স্বীকার করেছেন, ছবিগুলো আর কত মানুষের কাছে ছড়িয়েছে তা তার অজানা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।