প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
Administrator
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের পার্লিয়ামেন্টারি ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন। উভয় পক্ষ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্প এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি-এর নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে জাইকা’র অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মেট্রোরেল (এমআরটি) লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি স্থান পায়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময় অনুযায়ী কাজ সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে।
রিং রোড নদীপথে ঢাকার যানজট কমাতে নতুন উদ্যোগ
বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে জাপানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এছাড়া জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি প্যাট্রোল বোট প্রদানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করে। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়, যেখানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
স্মার্ট এনআইডি বিতরণে অপেক্ষায় এখনো এক কোটি ঊনচল্লিশ লাখ
প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো: শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত
অন্যদিকে জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।