পশ্চিম তীরের সহিংসতায় প্রকাশ্যে নিন্দা জানাতে নেতানিয়াহুর ওপর ওয়াশিংটনের চাপ
পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘিরে উগ্র বসতি স্থাপনকারীদের অবরোধের ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রকাশ্যে নিন্দা জানানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের একটি ঘর ঘিরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চালানো অবরোধের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে নিন্দা জানানোর জন্য জোর দিচ্ছে মার্কিন প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস থেকে নেতানিয়াহুর ওপর এই চাপ প্রয়োগ করা হচ্ছে।
ইতিমধ্যেই এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত হাকাবি গত বৃহস্পতিবার অবরোধকারী বসতি স্থাপনকারীদের 'ইসরায়েলি সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করেছেন।
ওয়াশিংটনের এই চাপের অন্যতম কারণ হলো ওই বাড়িতে একজন ফিলিস্তিনি-আমেরিকান নাগরিকের উপস্থিতি। বিষয়টি জানার পর থেকেই মার্কিন কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।
শুক্রবারও কুসরায় উত্তেজনা বিরাজ করছিল, যেখানে বাড়ির পাশে ইসরায়েলি সেনাদের অবস্থান করতে দেখা গেছে। এখন পর্যন্ত নেতানিয়াহু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এবং তার কার্যালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক তখনই এই ঘটনাটি সামনে এলো।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।