নারায়ণগঞ্জকে যানজট ও হকারমুক্ত করতে একজোট আইভী-শামীম-সেলিম
দীর্ঘদিনের যানজট ও হকার সমস্যা নিরসনে এক প্ল্যাটফর্মে কাজ করার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী ও দুই সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান।
নারায়ণগঞ্জ শহরকে যানজট নিরসন ও হকারমুক্ত করার লক্ষ্যে প্রথমবারের মতো এক মঞ্চে দাঁড়িয়েছেন স্থানীয় দুই সংসদ সদস্য এবং সিটি মেয়র। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তারা এই ঐকমত্যে পৌঁছান।
উক্ত বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলসহ স্থানীয় সাংবাদিকরা এতে অংশ নেন।
বৈঠকে মেয়র আইভী তার দুই সহকর্মী ও সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের উদ্দেশে বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদে আপনাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার। শহরের সামগ্রিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো কাজ করতে চাই। শহরকে দ্রুত হকারমুক্ত করার আহ্বান জানান তিনি।
সেলিম ওসমান যানজট সমাধানে পুলিশের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, বিআরটিএর অনুমোদনহীন যানবাহন ও অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণসহ পুরো শহরকে হকারমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।