‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে নতুন অবতারে মমতা ব্যানার্জি
জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর বিশেষ পর্বে গান, কবিতা ও রুটি তৈরির মাধ্যমে দর্শকদের তাক লাগিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিংয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক অভাবনীয় উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। অনুষ্ঠানটিতে তাকে কেবল রাজনীতিক হিসেবে নয়, বরং একজন শিল্পী ও সাধারণ গৃহিণীর ভূমিকাতেও দেখা গেছে। কখনো তিনি সুরের মূর্ছনায় মেতেছেন, আবার কখনো নিজের হাতের নিপুণতায় রুটি তৈরি করেছেন। সেই সাথে পাঠ করেছেন নিজের লেখা কবিতা।
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে মমতা ব্যানার্জির এই ভিন্নধর্মী রূপ ফুটে ওঠে। তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থিতিতে মঞ্চের পরিবেশ ছিল অন্যরকম।
অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মমতা ব্যানার্জির শৈশবের নানা অজানা গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই শুটিংয়ের ফুটেজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন ভিডিও এডিটররা। শো-টি এক ঘণ্টার হওয়ায় কোন অংশ রেখে কোনটি বাদ দেবেন, তা নিয়ে তারা বেশ দ্বিধায় আছেন, কারণ মমতার প্রতিটি মুহূর্তই ছিল আকর্ষণীয়।
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে অভিনেত্রী রচনা ব্যানার্জি এই শো সঞ্চালনা করে আসছেন। বিশেষ এই পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীরাধা ব্যানার্জি ও অরুন্ধতী হোমচৌধুরী।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।