থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে অভিনেতা খায়রুল বাসার
থাইল্যান্ডে শুটিংয়ের কাজ শেষ করে পাহাড় থেকে নামার সময় স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তার সঙ্গে থাকা চিত্রগ্রাহকও আঘাত পেয়েছেন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের চূড়ায় শুটিং শেষে নিচে নামার পথে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ও তার সঙ্গী চিত্রগ্রাহক মেহেদী রনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে।
জানা যায়, শুটিংয়ের প্রয়োজনে খায়রুল বাসার ও তার পুরো টিম পাহাড়ের ওপর গিয়েছিলেন। কাজ শেষে স্কুটিতে করে ফেরার সময় মেহেদী রনি গাড়িটি চালাচ্ছিলেন, তখন হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ বিষয়ে খায়রুল বাসার জানান, সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। শুটিংয়ের টিম কিছুটা দূরে থাকলেও দ্রুত তাদের উদ্ধার করে। বর্তমানে তারা পাতায়াতে অবস্থান করছেন এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
আহত হওয়ার বিষয়ে অভিনেতা বলেন, আমার বুকে ও হাঁটুতে বেশ চোট লেগেছে, যার ফলে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এই অবস্থায় শুটিং চালিয়ে যাওয়া অসম্ভব, তাই বাকি কাজগুলো বাতিল করতে হয়েছে। চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরেও বেশ কিছু জায়গায় ছিলে গেছে। দুজনেই এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করাবেন এবং বিশ্রামে থাকবেন।
উল্লেখ্য, ঈদের ছুটির পর বেশ কিছু নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়েছেন খায়রুল বাসার। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ অন্যান্যরা। কয়েক দিন পুরোপুরি বিশ্রামে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।