ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের
ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আইআরজিসির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। তিনি জানান, দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করাই তাদের কৌশল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকাল শেষ না হওয়া পর্যন্ত টেনে নেওয়ার কৌশল নিয়ে ভাবছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঊর্ধ্বতন উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি এমন সম্ভাবনার কথা জানিয়েছেন।
পিবিএস-এর সঙ্গে আলাপচারিতায় নাকদি জানান, ইরানের মূল উদ্দেশ্য হলো এমন এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে কোনো বিদেশি শক্তি ইরানে আগ্রাসনের সাহস না পায়। দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নিরন্তর চাপ বজায় রাখাকে এই লক্ষ্য অর্জনের একটি কৌশল হিসেবে দেখছে তেহরান।
নাকদির মতে, এই দীর্ঘস্থায়ী সংঘাত ইরানকে নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। তিনি দাবি করেন, মার্কিন সামরিক শক্তির যে বিশালতা প্রচার করা হয়, বাস্তবে তা অনেক দুর্বল। তিনি আরও অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা ছাড়াই ওয়াশিংটন তাদের কার্যক্রম চালাচ্ছে, যার প্রমাণ হিসেবে তিনি খার্গ দ্বীপ দখল এবং হরমুজ প্রণালি নিয়ে মার্কিন অস্পষ্টতাকে তুলে ধরেন।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের নিয়ন্ত্রণের বাইরের এলাকা দিয়ে কোনো জাহাজ গেলে সেটি শত্রুরাষ্ট্রের রসদ বহন করছে কি না, তা নিয়ে ইরানের সতর্কতা থাকা স্বাভাবিক। এছাড়া ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে তিনি জানান, ইরান প্রতিদিন যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কখনো তাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়েও যায়, তবুও ইরান যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় হুমকি হয়ে উঠবে, কারণ সারা বিশ্বে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের হাজার হাজার অর্থনৈতিক স্বার্থ এখন সরাসরি ঝুঁকির মুখে।
২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিপ্লবী গার্ডের সমন্বয়বিষয়ক উপপ্রধানের দায়িত্ব পালন করা নাকদি বর্তমানে বাহিনীর কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। তার দাবি, বর্তমান এই সামরিক লড়াইয়ে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।