টিকটকে অ্যাকাউন্ট খুললেন জো বাইডেন
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর লক্ষ্য থাকলেও নিরাপত্তা ইস্যুতে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণার নতুন কৌশল হিসেবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যুক্ত হয়েছেন জো বাইডেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছানোর লক্ষ্য থেকেই বাইডেনের এই উদ্যোগ। তবে এই পদক্ষেপটি বেশ বিতর্কিত হয়ে উঠেছে। কারণ, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি নিয়ে খোদ মার্কিন সরকারই দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকি ও ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ তুলে আসছে।
গত ১১ ফেব্রুয়ারি ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে বাইডেন টিকটকে অভিষেক করেন। লক্ষণীয় যে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ। এমনকি মন্টানা অঙ্গরাজ্যে অ্যাপটি পুরোপুরি বন্ধের চেষ্টা চললেও আইনি জটিলতায় তা কার্যকর হয়নি।
এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রবিবার রাত পর্যন্ত বাইডেনের নতুন এই অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ছিল ১০ হাজার ৯০০ জন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।