রবিবার, ১৬ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
টাঙ্গাইলে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সিজারের সময় ভুল চিকিৎসায় জরায়ু কেটে ফেলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার বিচার ও চিকিৎসকের শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মানবসেবা হাসপাতালে ভুল চিকিৎসায় জরায়ু কেটে ফেলার ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা ডা. খন্দকার মনিরাসহ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

নিহত সাবিনা নামের ওই গৃহবধূ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সিজারের জন্য সাবিনাকে মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় ডা. খন্দকার মনিরা ভুলবশত তার জরায়ু কেটে ফেলেন। বিষয়টি গোপন রেখে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকায় পৌঁছানোর পর স্বজনরা প্রকৃত ঘটনা জানতে পারেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন, যা এক পর্যায়ে হাসপাতাল কর্মীদের সাথে হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি শিবলী সাদিক জানান, আমরা পরিবারটিকে সহায়তার আশ্বাস দিলেও তারা ক্লিনিক ভাঙচুর করেছে, তাই বিষয়টি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্যদিকে, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।