টাঙ্গাইল শাড়ি পেল জিআই স্বীকৃতি
ভারতের দাবির প্রেক্ষিতে বিতর্কের মুখে বাংলাদেশ সরকার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে আনুষ্ঠানিকভাবে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে।
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে এ স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে এবং বুধবার সরাসরি হার্ড কপি জমা দিয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আবেদনটি দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে অধিদপ্তর এই স্বীকৃতি প্রদান করে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারত টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের এমন দাবি নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। তাদের পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হাতে বোনা পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এই বিতর্কের প্রেক্ষিতে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গত ৪ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, বাংলাদেশের নিজস্ব এই সম্পদ রক্ষায় দ্রুত জিআই পেটেন্ট পাওয়ার জন্য জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।