জাতীয় ঐক্যের ওপর জোর দিলেন খামেনি, পেজেশকিয়ানকে বিশেষ নির্দেশনা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে জাতীয় ঐক্য ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার এক বৈঠকে মিলিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বৈঠকে খামেনি দেশের জনগণের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়ন এবং জাতীয় সংহতি সুসংহত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, দেশের বর্তমান অর্থনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন। এ সময় খামেনি জাতীয় ঐক্য অটুট রাখার বিষয়ে তাকে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন।
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের কারণে ইরানের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এমতাবস্থায় দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জীবিকা নিশ্চিত করাকেই নেতৃত্বের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
পেজেশকিয়ান এর আগে উল্লেখ করেছিলেন যে, বৈঠকে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংকট নিরসনের উপায় নিয়েও আলোচনা হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই দীর্ঘ আলোচনা ইরানের নীতি-নির্ধারণী মহলে অত্যন্ত গুরুত্ব বহন করছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।