ঘোড়ার গাড়িতে চড়িয়ে অধ্যক্ষকে আবেগঘন বিদায় জানালেন সহকর্মীরা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবসরে যাওয়া এক মাদ্রাসা অধ্যক্ষকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাসায় পৌঁছে দিয়ে বিদায় জানালেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
চাকরিজীবনের ইতি টেনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল মোত্তালিব সোমবার (২৬ ফেব্রুয়ারি) অবসরে গেছেন। তার বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করতে সহকর্মী ও শিক্ষার্থীরা এক ভিন্নধর্মী উদ্যোগ নেন। কর্মস্থল থেকে জেলা শহরে অবস্থিত নিজ বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হয় একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে।
বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মঈন উদ্দিন মঈন। মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গভর্নিং বডির সদস্যরা।
মাদ্রাসা প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজিয়ে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষকে আবেগঘন মানপত্র পাঠ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল ভূঁইয়া বলেন, একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও মহান আলেমে দ্বিনকে বিদায় জানানো আমাদের জন্য কষ্টের। তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতি ধরে রাখতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।