গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত
হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, এমনটাই জানিয়েছে বোর্ড অব পিস।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'বোর্ড অব পিস' জানিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে আসবে না। পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংস্থাটির পরিচালক নিকোলে মলাদেনভের মধ্যে বৈঠকের পর এই অবস্থান স্পষ্ট করা হয়।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এই আলোচনার প্রেক্ষাপট ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সমঝোতা চুক্তি নিয়ে ইসরায়েলি নেতৃত্বের অস্বস্তি। বোর্ড অব পিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, হামাস মধ্যস্থতাকারীদের কাছে ভারী ও হালকা অস্ত্র এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন হলেই কেবল ইসরায়েল 'ইয়েলো লাইন'-এর বাইরে সেনা প্রত্যাহার করবে।
সংস্থাটির মূল লক্ষ্য হলো গাজায় অস্ত্রের ঝনঝনানি থামিয়ে বেসামরিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনা। তবে হামাস পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল চুক্তির শর্ত না মানলে এই প্রক্রিয়া সফল হবে না। এপি-র তথ্যমতে, মলাদেনভ নেতানিয়াহুকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল আক্রমণ অব্যাহত রেখেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে গাজায় ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সাম্প্রতিক অস্ত্রবিরতি ঘোষণার পরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রকাশিত চুক্তির খসড়া ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এ নিয়ে নতুন করে ভোটাভুটির দাবি তুলেছেন।
মলাদেনভ শান্তির আশাবাদ ব্যক্ত করলেও মিসর, কাতার ও তুরস্ক যৌথ বিবৃতিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপের জন্য মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।