ওষুধ ও হার্টের রিংয়ের অযৌক্তিক মূল্যবৃদ্ধি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ওষুধ ও হার্টের রিংয়ের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি দ্রুত দাম কমানোর নির্দেশ দিয়েছেন এবং অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন।
ওষুধ এবং হার্টের রিংয়ের বর্তমান ঊর্ধ্বমুখী দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ওষুধের দাম এভাবে বেড়ে যাওয়া গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে এর দাম কমাতে হবে। গণমাধ্যমে এ নিয়ে নিয়মিত খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এর কারণ ও প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওষুধের মূল্য নির্ধারণ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, ওষুধের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়টি জানার পরপরই আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছি এবং দ্রুত দাম কমানোর নির্দেশ দিয়েছি। এটি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো সময় আমি নিজে মাঠে গিয়ে অভিযানে অংশ নেব। ভুল জায়গায় চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পড়ার চেয়ে সঠিক প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকেলে মন্ত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি নরসিংদীতে অগ্নিদগ্ধ ডা. লতা আক্তারের চিকিৎসার খোঁজখবর নেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।