ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল হামাস
ইসরায়েলের দেওয়া দুই মাসের যুদ্ধবিরতি ও নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটির দাবি, জিম্মি মুক্তির আগে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
গাজায় বন্দি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেওয়া দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। মিসরের একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর পাশাপাশি, হামাসের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে ইয়াহিয়া সিনওয়ারকে নিরাপদে গাজা ত্যাগের সুযোগ দেওয়ার যে প্রস্তাব ইসরায়েল দিয়েছিল, তাও ফিলিস্তিনি এই গোষ্ঠীটি মেনে নেয়নি।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল হামাসের কাছে এই বিশেষ প্রস্তাবটি পেশ করেছিল। তবে হামাসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জিম্মি সংকট নিরসনে হলে আগে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং সাধারণ ফিলিস্তিনিদের নিজ বসতভিটায় ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে।
মিসরের ওই সূত্রটি আরও জানিয়েছে, কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তায় যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।