আল জাজিরার ওপর খড়গহস্ত পাকিস্তান সরকার, উদ্বেগ জানাল সিপিজে
আজাদ কাশ্মীরের নির্বাচন ও বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশের জেরে আল জাজিরার ওপর বিধিনিষেধের অভিযোগ উঠেছে পাকিস্তানে, যার তীব্র নিন্দা জানিয়েছে সিপিজে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার ও অনলাইন কার্যক্রমে বাধার অভিযোগ উঠেছে পাকিস্তানে। আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই মূলত এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।
দেশটির সাধারণ ব্যবহারকারীরা জানিয়েছেন, সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ঘোষণা করা না হলেও পাকিস্তান থেকে আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার ওই প্রতিবেদনগুলোকে একপেশে ও বস্তুনিষ্ঠতাহীন বলে আখ্যায়িত করেছে। ইসলামাবাদের দাবি, নির্দিষ্ট কিছু উৎস থেকে তথ্য নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার উদ্দেশ্যে চ্যানেলটি হলুদ সাংবাদিকতা করছে।
এদিকে, পাকিস্তানে মুক্ত সাংবাদিকতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা প্রকাশ করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটি অবিলম্বে গণমাধ্যমের ওপর সব ধরনের বিধিনিষেধ ও হয়রানি বন্ধ করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সিপিজে জানিয়েছে, গত ১ আগস্ট থেকে ইসলামাবাদে সাংবাদিক রাজি তাহির ও মোহাম্মদ সাইফ নিখোঁজ রয়েছেন। এছাড়া কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকেও সাময়িকভাবে আটক করা হয়েছিল। উল্লেখ্য, গত ৫ জুন থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের ওপর দফায় দফায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।