রংপুর মহানগরীতে যাত্রা শুরু করলো সিটি বাস সার্ভিস
রংপুর নগরীর বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার সিও বাজারে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রংপুর শহরের বাসিন্দাদের জন্য চালু হলো সিটি বাস সার্ভিস। সোমবার দুপুরে শহরের সিও বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিবহন সেবার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, মোটর মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মহানগরীর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, সেবার মান উন্নত করতে জনসহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়া, এই নতুন বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় অন্য কোনো পরিবহন ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মেনহাজুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী ও উৎপল কুমার পাল, বিআরটিএ-র বিভাগীয় উপ-পরিচালক আব্দুল কুদ্দুস, বিআরটিসি রংপুর ডিপোর অপারেশন ম্যানেজার সুলতান আলম, মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন এবং মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।