বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ৫টি ভাসমান সেতু নির্মাণ করল সেনাবাহিনী
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত সহজ করতে তুরাগ নদে পাঁচটি ভাসমান সেতু নির্মাণসহ নানা জনসেবামূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের নদী পারাপার ও যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনী তুরাগে পাঁচটি ভাসমান সেতু বসিয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের ওজু ও খাবার পানির চাহিদা মেটাতে দুটি ওয়াটার বাউজারের মাধ্যমে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছে।
আইএসপিআর-এর তথ্যমতে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করে এসব জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের একটি বোম ডিসপোজাল ইউনিটকেও সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় যেকোনো জরুরি প্রয়োজনে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজে অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।