প্রতিরোধের নীতিতেই অটল থাকবে ইরান, বললেন আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখেও ইরান তার প্রতিরোধের নীতিতে অটল থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, নিপীড়নের কাছে মাথা নত না করে স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করাই তেহরানের লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখেও ইরান তার নিজস্ব প্রতিরোধের অবস্থান থেকে বিন্দুমাত্র নড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্টভাবে বলেছেন, তেহরান জবরদস্তি বা কোনো ধরণের চাপের কাছে মাথা নত করার পরিবর্তে আত্মসম্মান ও স্বাধীনতা রক্ষার নীতিকেই প্রাধান্য দিচ্ছে।
রোববার (৯ আগস্ট) তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ রাজনৈতিক ও আন্তর্জাতিক অধ্যয়ন ইনস্টিটিউটে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে মহররম ও আশুরা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
আরাঘচি আরও বলেন, আশুরার শিক্ষা হলো অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে এবারের মহররম ও আশুরার তাৎপর্য অনেক বেশি গভীর।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক হামলায় অনেক বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করে ইরানি জাতি নিজেদের মর্যাদা ও স্বাধীনতার পক্ষে অনড় থাকার প্রমাণ দিয়েছে, যা মূলত আশুরার আদর্শের প্রতিফলন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের প্রতিটি জটিল সময়ে জাতিগুলোকে দুটি পথের একটি বেছে নিতে হয়—হয় নিপীড়নের কাছে নতি স্বীকার, নতুবা নিজেদের আদর্শের জন্য লড়ে যাওয়া। ইরান দ্বিতীয় পথটিই বেছে নিয়েছে এবং প্রয়োজনে যেকোনো আত্মত্যাগে প্রস্তুত। ইমাম হোসাইনের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেবল বিজয়ের মাধ্যমেই সাহসের পরিমাপ হয় না, বরং নীতি ও আদর্শের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতাই হলো প্রকৃত সাহসিকতা।
পরিশেষে আরাঘচি জোর দিয়ে বলেন, যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও ইরান তার কৌশলগত ও আদর্শিক অবস্থান থেকে সরবে না। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে এবং যারা দেশের স্বাধীনতা রক্ষায় প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।