কুষ্টিয়ায় গরুর খামারের আড়ালে চলত নকল সিগারেটের রমরমা ব্যবসা
কুষ্টিয়ার দৌলতপুরে গরুর খামারের আড়ালে গড়ে ওঠা একটি নকল সিগারেটের কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের পণ্য জব্দ করেছে প্রশাসন।
কুষ্টিয়ার দৌলতপুরে গবাদি পশুর খামারের নাম ভাঙিয়ে গোপনে নকল সিগারেট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট ও বিপুল পরিমাণ তামাক জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা। এই কারখানাটি এর আগেও কাস্টমস কর্তৃপক্ষ সিলগালা করেছিল, কিন্তু আইন অমান্য করে গোপনে উৎপাদন চলছিল।
দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গড়বাড়িয়া গ্রামের একটি গুদামে অভিযান চালানো হয়। এই গুদামটি হাবিব মাস্টার নামের এক স্কুলশিক্ষকের মালিকানাধীন, যা শাকিল আহমেদ ও লিওন হোসেন নামের দুই ব্যক্তি ভাড়া নিয়েছিলেন।
প্রদীপ কুমার দাশ আরও জানান, অভিযানে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে শাকিল ও লিওনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত ৯ মে র্যাব ও কাস্টমস যৌথ অভিযানে কারখানাটি সিলগালা করলেও অসাধু চক্র তা ভেঙে কার্যক্রম চালিয়ে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।